রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

“জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা”

“জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা”
ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক এ তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিউগ্রিনি প্রপার্টিজে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এক পক্ষ অন্য পক্ষের জমিতে যেতে পারছে না। এ নিয়ে বিরোধের মধ্যে লোকজন নিয়ে হামলার ঘটনা ঘটে। ওই সময় সেখানে থাকা সালমান মুক্তাদিরের স্টুডিওও ভাঙচুরের শিকার হয়।

হামলার ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে নাজমুল হক বলেন, ঘটনাস্থলে অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের বিষয়টি তুলে ধরেন সালমান মুক্তাদির।

তিনি জানান, স্টুডিওতে ক্লায়েন্টদের গুরুত্বপূর্ণ অনেক ফুটেজ ও শুটিংয়ের সরঞ্জাম ছিল। এসব হারিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি পেশাগত কাজেও বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।

স্টুডিওর ক্ষয়ক্ষতি দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘আমাদের স্টুডিও ডিস্ট্রয় হয়ে গেছে।’ সৃজনশীল কাজ ও শিল্প-সংস্কৃতির জন্য দেশে এমন স্টুডিও খুব বেশি নেই উল্লেখ করে তিনি বলেন, স্টুডিওটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সামগ্রিকভাবেই বড় ক্ষতি হয়েছে।

হামলার সঙ্গে বিএনপির লোকজন জড়িত বলেও অভিযোগ করেন সালমান। তিনি বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছো?’

তবে সালমান মুক্তাদিরের এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি।

হামলার পরও স্টুডিওর কার্যক্রম বন্ধ না করার কথা জানিয়েছেন সালমান। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা রিলাক্স। এটা কিছুই না। আমরা এখানেই কাজ করব।’

সালমান বলেন, স্টুডিওটি তার কাছে শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এর সঙ্গে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান এবং সৃজনশীল কাজের বিষয়টি জড়িত। ফলে স্টুডিও ক্ষতিগ্রস্ত হলেও তিনি কাজ থামাতে চান না।

তিনি বলেন, ‘আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’

এ ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে হামলায় মোট কত টাকার ক্ষতি হয়েছে এবং আটক ব্যক্তিদের বাইরে হামলায় জড়িতদের পরিচয়ও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়