বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, তীব্র যানজট
রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় আশপাশের এলাকায় তীব্র যানজট।
জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ফলে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
দক্ষিণখানের অতিরিক্ত উপকমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়কে বিক্ষোভ করেন। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



























