মৃত্যুবার্ষিকীতে প্রার্থীদের মুখে মুখে সুরঞ্জিতের সেনের নাম
সুরঞ্জিত সেন গুপ্তের নবম মৃত্যুবার্ষিকীতে সুরঞ্জিত স্মৃতি পরিষদ, কিংবা নিষিদ্ধ আওয়ামী লীগের কোন কর্মসূচি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব আলোচনা ছিল প্রয়াত এই জাতীয় নেতাকে নিয়ে। দিরাই-শাল্লার ভোটের প্রচারণায়ও বৃহস্পতিবার সুরঞ্জিত ছিলেন আলোচনায়।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী’র ফেসবুক স্ট্যটাসে লিখেছেন,‘আজ বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, ভাটি বাংলার অহংকার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাবু শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের নবম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে আমি তাঁকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’
জীবদ্দশায় যিনি বার বার জাতীয় নির্বাচনে সুরঞ্জিতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁর (নাছির উদ্দিন চৌধুরী’র) ফেসবুকে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তকে নিয়ে এমন স্ট্যাটাস ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অসংখ্য ‘নাছির সমর্থক’ এই স্ট্যাটাস শেয়ার করেছেন-কমেন্টও করেছেন, শোক জানিয়েছেন।
ঠিক একইভাবে নাছির উদ্দিন চৌধুরী’র স্ট্যটাসের দুই ঘণ্টা পরেই জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী শিশির মনিরের ‘শিশির মনির মিডিয়া সেল’ নামের আইডি থেকে লিখা হয়,‘দিরাই শাল্লা থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বীর মুক্তিযোদ্ধা বাবু সুরঞ্জিত সেন গুপ্তের নবম মৃত্যুবার্ষিকী আজ। আজকের এই দিনে তাঁকে শ্রদ্মার সঙ্গে স্মরণ করছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’ এই স্ট্যটাসও অনেকেই শেয়ার করেছেন।
বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী’র নির্বাচনী সমাবেশ হয় দিরাই উপজেলার কাইলানি পয়েন্টে। নাছির উদ্দিন চৌধুরী সমাবেশে বক্তব্য শুরু করেন সুরঞ্জিত সেন গুপ্তের আত্মার শান্তি কামনা করে একমিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে।
সন্ধ্যায় প্রয়াত সুরঞ্জিতের সহধর্মিনী ড. জয়া সেন গুপ্তা বললেন, ‘আমি অসুস্থ, সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুবার্ষিকীতে তাই তেমন কিছুই করা হয় নি। যারা তাঁকে স্মরণ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’



























