টেকনাফে ধানের শীষের প্রচারণার সময় গুলিবিদ্ধ ৫
কক্সবাজারের টেকনাফে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে ৩ শিশুসহ মোট ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায়, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহতদের রাত ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
এ ঘটনায় আহতরা হলেন - হ্নীলার ৯ নং ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচামিয়া (৪৫), ৮নং ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের শিশু কন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), আলীখালীর পার্শ্ববর্তী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/ফাইভ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) ও ডি/ফোর ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের সমর্থকরা একটি মিনিট্রাক (ডাম্পার) নিয়ে আলীখালী এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। প্রায় ২০-২৫ জন সমর্থক স্লোগান ও নাচ-গানের মাধ্যমে প্রচারণা চালালে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।
এ সময় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আশপাশে থাকা ৫ জন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে।
আহতদের প্রথমে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “অতর্কিত হামলায় ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “বিএনপির প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এ সময় দুর্বৃত্তরা উপস্থিত জনতার ওপর গুলি চালায়।”
তিনি আরও জানান, হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।



























