শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

রংপুরে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা–রংপুর মহাসড়কের পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৭), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আব্দুল রাজ্জাক হওলাদার (৬০) এবং তার ছেলে আরাফাত সানী সানভী (২০)।

পুলিশ জানায়, ভোরে মহাসড়কে একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই সময় দ্রুতগতিতে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছেলে আরাফাত সানী সানভীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অন্য যাত্রীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর কিছু সময় ঢাকা–রংপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ