দশমিনায় ১৮ মাস পর খুলল আ.লীগের কার্যালয়
দীর্ঘ ১৮ মাস পর খোলা হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নলখোলা বন্দরের তালাবদ্ধ দলীয় কার্যালয় খোলেন উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা।
এ সময় দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ফিরে আসবে বলে স্লোগান দিতে থাকেন যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। দলীয় কার্যালয়ে তালা খোলার পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন সম্বলিত একটি ব্যানার সাঁটানো হয়।
দলীয় কার্যালয় খোলার নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সোহাগ প্যাদা।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন হাওলাদার বলেন, দলীয় কার্যালয় খোলার পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ০৫ অগাস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে তালাবদ্ধ করে দেন।



























