ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ছয়টি সিলমারা ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যালটগুলোর মধ্যে দুটি ধানের শীষ প্রতীকের, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোটের ব্যালট রয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এসব ব্যালট ও সিল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা পরিত্যক্ত অবস্থায় দুটি সিলসহ ছয়টি ব্যালট পেপার দেখতে পায়। পরে তারা ব্যালট ও সিলগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা দেয়। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে উপস্থিত হলে বাইরে বিক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঝাড়ু হাতে নারীসহ বিভিন্ন বয়সী মানুষ বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে ইউএনওকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখা হয়।
বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা সময়েও এলাকাবাসীর বিক্ষোভ চলমান ছিল।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।



























