সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

৭০০ উইকেটের অনন্য মাইলফলকে রশিদ খান

৭০০ উইকেটের অনন্য মাইলফলকে রশিদ খান
ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন রশিদ খান। দ্রুততম ও প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে অনন্য কীর্তি গড়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।

সোমবার দিল্লিতে সংযুক্ত আরব আমিরাত–এর বিপক্ষে ম্যাচে মোহাম্মদ আরফানকে আউট করে ঐতিহাসিক উইকেটটি তুলে নেন রশিদ। ম্যাচের আগে তার ঝুলিতে ছিল ৬৯৯ উইকেট। আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে আরফান হিট উইকেটের শিকার হলে পূর্ণ হয় ৭০০ উইকেটের রেকর্ড।

এর আগে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯৮তম ও ৬৯৯তম উইকেট নেন আফগান অধিনায়ক। সেই ম্যাচে আরও ৩.২ ওভার বল করেও নতুন উইকেটের দেখা পাননি তিনি। আরফানকে আউট করার আগে ২০ বলে ১৭ রান দেন রশিদ। রিভার্স সুইপ করতে গিয়ে নিজের স্টাম্পে ব্যাট লাগিয়ে বিদায় নেন আমিরাতের এই ব্যাটার।

মাইলফলক ছোঁয়া উইকেট নিয়েও রশিদকে খুব একটা উদযাপন করতে দেখা যায়নি। কারণ, তার দলকে সুপার এইটে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।

টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অবসর নেওয়া ডোয়াইন ব্রাভো আছেন দুই নম্বরে (৬৩১ উইকেট)। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রশিদের পরেই আছেন সুনীল নারিন, যার উইকেট ৬১৩টি।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন রশিদ খান। আফগানিস্তানের হয়ে এই ফরম্যাটে তার শিকার ১৯১ উইকেট। এরপরের দুটি স্থানে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।