চট্টগ্রামে মধ্যপ্রাচ্যগামী আরও ৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এসে পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ। নতুন করে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২৫টি ফ্লাইট বাতিল হলো।
সোমবার (২ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস-এর একটি বহির্গামী ও একটি আগমনী ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে এয়ার এরাবিয়া-র একটি বহির্গামী ফ্লাইটও বাতিল করা হয়েছে।
তবে এর মধ্যেই সকাল সোয়া আটটায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আস সালাম এয়ার-এর একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে সকাল সাড়ে নয়টায় ফ্লাইটটি আবারও মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।



























