দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ঈদুল ফিতরের এই বিশাল নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে প্রায় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন।
এই জামাতে নামাজ আদায় করেন ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।
এই মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে আসা মুসল্লি স্বাস্থ্য সহকারী আব্দুল করিম বলেন, “আমি প্রতিবার শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করি। শুনেছি দিনাজপুরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মিনার ও ময়দানে লাখো মানুষ নামাজ আদায় করে। আজ আমি এখানে নামাজ আদায় করলাম। এত বড় জামাতে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”
ঠাকুওগাঁও থেকে ঈদের জামাতে আসা সাব্বির ইসলাম বলেন, “এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ও দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে নামাজ আদায় করার জন্য ঠাকুওগাও থেকে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আল্লাহ আজ সে আশা পুরণ করেছে। জীবনে প্রথম লাখ মুসল্লির সঙ্গে ঈদের নামাজ পড়তে পেরে ভালো লাগছে।”
বীরগঞ্জ উপজেলা থেকে নামাজ আদায় করতে আসা নাসির উদ্দিন বলেন, “আমি এর আগেও ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে নামাজ পড়েছি। তবে এবারের অভিজ্ঞতা ছিল আরও বিশেষ—কারণ এবার আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেছি।”
গোর-এ-শহীদ ময়দানের ইমাম মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন, “আল্লাহ তালার রহমতে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরেছে। আমরা নামাজ শেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করেছি।”
পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, “ঈদের জামাতের জন্য পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সদা তৎপর।”
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। এই মুসল্লির উপস্থিতিতে সুন্দরভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে।”
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ আমরা মুক্ত ও স্বাধীন পরিবেশে পবিত্র ঈদের নামাজ আদায় করতে পেরেছি। মুসল্লিরা নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে নামাজে অংশ নিতে পেরেছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আশা করি, ভবিষ্যতেও আমরা এমন মুক্ত ও স্বতঃস্ফূর্ত পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারব। সবাইকে জানাই ঈদ মোবারক।”



























