দিনাজপুর সীমান্তে গাঁজা ও ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ, আটক ৪
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ ও বিরল সীমান্তে গাঁজা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ৯টা ১০ মিনিটে পরমেশ্বরপুর বিওপি কর্তৃক বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩২/৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকা থেকে একজন আসামিসহ ১ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা-মোঃ মহিউদ্দিন, গ্রাম-পরমেশ্বরপুর, পোস্ট-মাহেরপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।
এ ঘটনায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক ১ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। পরে সাজাপ্রাপ্ত আসামিকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৯টা ৫ মিনিটে এনায়েতপুর বিওপি কর্তৃক বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৩/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর এলাকা থেকে তিনজন আসামিসহ ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত ব্যক্তিদের মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার ৩০৩ টাকা ৫০ পয়সা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।



























