পাপারাজ্জি সিঁড়িতে পড়ে যেতেই সাহায্যে এগিয়ে গেলেন শ্রাবন্তী
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির মানবিক আচরণে মুগ্ধ নেটিজেনরা। অনুষ্ঠানে ছবি তুলতে গিয়ে এক পাপারাজ্জি সিঁড়িতে পড়ে গেলে মুহূর্তেই তার সাহায্যে এগিয়ে আসেন অভিনেত্রী। হাত বাড়িয়ে তাকে টেনে তোলেন শ্রাবন্তী। ঘটনার সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কালো পোশাকে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পাপারাজ্জি, যারা অভিনেত্রীর ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে ছবি তুলতে গিয়ে সিঁড়িতে হঠাৎ পড়ে যান এক পাপারাজ্জি। আকস্মিক ঘটনায় কিছুটা হতভম্ব হয়ে পড়লেও পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তার দিকে এগিয়ে যান শ্রাবন্তী।
পরে পাপারাজ্জির দিকে হাত বাড়িয়ে তাকে তুলে দাঁড়াতে সহযোগিতা করেন এই অভিনেত্রী। পুরো ঘটনাটি ভিডিওতে ধরা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শ্রাবন্তীর এমন তাৎক্ষণিক সহযোগিতার প্রশংসা করছেন নেটিজেনরা।
তারকাদের ছবি তুলতে গিয়ে পাপারাজ্জিদের দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। তবে এমন পরিস্থিতিতে শ্রাবন্তীর দ্রুত এগিয়ে আসা ও সহযোগিতার মনোভাব আলাদাভাবে নজর কেড়েছে সবার।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পথচলা শুরু শ্রাবন্তীর। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও অভিনয় থেকে দূরে সরে যাননি এই অভিনেত্রী।
২০২৫ সালে মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন শ্রাবন্তী। সম্প্রতি জিতু কমলের সঙ্গে ‘এরাও মানুষ’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি শিগগিরই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।



























