সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ২ নভেম্বর ২০২৬

মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
ছবিঃ সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং স্বজনপ্রীতি ও কৃত্রিমতা দূর করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে পরীক্ষার খাতা মূল্যায়নে নম্বর কম দেওয়া (আন্ডার-মার্কিং) ও বেশি দেওয়ার (ওভার-মার্কিং) মতো অসংগতি ছিল। এসব দূর করে মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার প্রতিফলন ঘটানো হয়েছে। পাশাপাশি এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তাদের মূল্যবান শিক্ষাবর্ষ নষ্ট না হয়।

শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি ও মূল্যায়ন প্রসঙ্গে ড. মিলন বলেন, এসব ক্ষেত্রে সব ধরনের স্বজনপ্রীতি বন্ধ করা হবে। মেধা ও দক্ষতার ভিত্তিতে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারনির্ভর প্রক্রিয়ায় শিক্ষকদের মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে যোগ্য ও মেধাবী শিক্ষকদের যথাযথ স্থানে অধিষ্ঠিত করে শিক্ষার প্রসারে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষায় বাজেটের ঘাটতি নেই। বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে শ্রেণিকক্ষে আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) শিক্ষার পরিবেশ তৈরি করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য শিক্ষকদের আধুনিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে তাঁরা আগামী প্রজন্মকে আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারেন।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য যুগোপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়