সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ২ নভেম্বর ২০২৬

স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

রক্তের অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে জন্য পর্যাপ্ত রক্তের মজুত নিশ্চিত করার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মরণোত্তর চক্ষুদান কার্যক্রম জোরদার এবং কর্নিয়া সংগ্রহে বাংলাদেশকে স্বনির্ভর করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সাখাওয়াত হোসেন বলেন, শুধু সেমিনার আয়োজন করে রক্তদানের কার্যক্রমে গতি আনা সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। চিকিৎসকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে রক্তদানের গুরুত্ব তুলে ধরতে হবে। রক্তদানে দাতার শারীরিক ক্ষতি হয় না, বরং এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে—এ বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

রক্তদানকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মহৎ কাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একজন মানুষের জীবন বাঁচানো অনেক বড় দান। রক্তদানের মাধ্যমে অন্যের জীবন রক্ষা করা পরকালের জন্যও সওয়াবের কাজ। তাই রক্তদান সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করা প্রয়োজন।

থ্যালাসেমিয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বামী-স্ত্রী দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে তাঁদের সন্তানের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়, যা রোগী ও তাঁর পরিবারের জন্য দীর্ঘমেয়াদি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে বিয়ের আগে বর-কনের থ্যালাসেমিয়ার বাহক কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হবে। একই সঙ্গে রক্তের চাহিদা ও সংকট কমাতেও তা ভূমিকা রাখবে। রক্তের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা ও কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়