সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ
ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করেন না জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পালিয়ে না থেকে দেশের আইন ও আদালতের মুখোমুখি হওয়া উচিত।
তিনি বলেন, “ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন ও আদালতের মুখোমুখি হন।”
রোববার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে ডা. জাহিদ হোসেন বলেন, “যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।”
তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আইন ও আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণের আহ্বান জানান।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষ এখন অনেক বেশি সচেতন। বিদেশে বসে স্বৈরাচারের দোসরেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের উসকানি দিচ্ছে। এর মাধ্যমে ‘মব কালচার’ সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির দীর্ঘ আন্দোলন ও নেতা-কর্মীদের ত্যাগের কথা তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি এ দেশের মাটিতে থেকে এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে থেকেছে।”
তিনি বলেন, বিএনপির শত শত নেতা-কর্মীকে গুম করা হয়েছে এবং লাখো নেতা-কর্মীকে কারাগারে নেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
ডা. জাহিদ হোসেন দাবি করেন, নানা প্রতিকূলতা ও নির্যাতনের পরও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙতে পারেনি।


























