সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ছবিঃ প্রতিনিধি

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একজনকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে অপর শিক্ষার্থীও পানিতে তলিয়ে যায়। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে বাটকেখালী এলাকার একটি পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিক্ষার্থী হলো সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মোহাম্মদ লাবিব হোসেন (১০) ও ছাত্রী উম্মে হাবিবা (১০)। লাবিব বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে এবং হাবিবা একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয়ে যাওয়ার আগে লাবিব বাটকেখালী এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় লাবিবকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের চেষ্টা করে সহপাঠী উম্মে হাবিবা। একপর্যায়ে হাবিবাও পানির নিচে তলিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুকুরে নেমে দুজনকে উদ্ধার করেন। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, নিহতদের পরিবার এবং বাটকেখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় বাসিন্দারা বলছেন, অল্প বয়সে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। বিশেষ করে সহপাঠী লাবিবকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে হাবিবারও পানিতে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের আবহ আরও গভীর হয়েছে।

জনপ্রিয়