সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ছবি: সংগৃহীত

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রিজনভ্যানের চালকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ ও দায়িত্বে কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে কমিটিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

কারাগার সূত্র জানায়, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রাজা ওরফে পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

পথে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার অনুমতি চান পিচ্চি রাজা। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় সে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল। নাওজোড় এলাকায় পৌঁছানোর পর প্রাকৃতিক কাজ সারার কথা বলে সে শৌচাগারে যায়। সেখান থেকেই পালিয়ে যায়।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে বিমানবন্দরে অবস্থান নেয় পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।

পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ প্রায় ২৫টি মামলা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়