লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কথোপকথন ও নগদ টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে।
ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে। সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা।
তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসাব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।
ভিডিওর আরেকটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নুরুল আমিনকে নগদ টাকা গ্রহণ করতে দেখা যায়। তবে ওই ব্যক্তিদের কারও মুখ ভিডিওতে স্পষ্ট দেখা যায়নি। তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
এ সময় এক ব্যক্তিকে উদ্দেশ করে নুরুল আমিনকে বলতে শোনা যায়, এখানে কত? জবাবে ওই ব্যক্তি বলেন, এখানে ৩৫ স্যার। এরপর নুরুল আমিন বলেন, এক লাখ ৩৫।” ওই ব্যক্তি তখন বলেন, আগে দিয়েছি এক লাখ স্যার।
তবে ভিডিওটি ঠিক কতদিন আগের এবং কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা ও বক্তব্যের প্রেক্ষাপটও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বক্তব্য জানতে তাঁর দাপ্তরিক মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



























