শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় দুইজন আটক
দণ্ডপ্রাপ্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মাইকিং করায় নওগাঁর মান্দা উপজেলার দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ২৩ অক্টোবর বিকেলে তাঁদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। আটক দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
আটক ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মান্দার কাঁশোপাড়া ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল সরকার।
মান্দা থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অটোরিকশাটির পেছনে একটি মাইক বাঁধা। একজন চালাচ্ছেন। পেছনে যাত্রীর আসনে বসে আছেন দুজন। একজন মাইকে কথা বলছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দল-মতনির্বিশেষে তাঁকে স্বাগত জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে করা মাইকিংয়ের ঘটনা জানার পর গতকাল রাতেই মাঠে নামে মান্দা থানা-পুলিশ। জানা গেছে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আসলাম হোসেনসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে মাইকিং করে ভিডিও করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।
গতকাল রাতেই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসে জানিয়ে তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ও নবগ্রাম তালাপাড়া গ্রামের বাসিন্দা জলিল সরকারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিষয়টি জানেন মর্মে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে মাইকিংয়ে ব্যবহৃত অটোরেকর্ডিংটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাইকিংয়ের ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



























