বোদায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত ২
পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বোয়ালমারী এলাকায় শাহাদাত কালীমন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চারজন যাত্রী নিয়ে একটি ভ্যান মাড়েয়া থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিল। একই সময় বোয়ালমারী থেকে বালুবোঝাই ছয় চাকার একটি ট্রাক মাড়েয়ার দিকে আসছিল। পথে শাহাদাত কালীমন্দিরের কাছে ট্রাকটির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে জুলেখা বেগম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভ্যানের আরও দুজন যাত্রী আহত হন।
নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি মাড়েয়া বাজার শ্রমিক অফিসের সামনে আটক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।



























