শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ২৩ অক্টোবর ২০২৬

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
ছবিঃ বিজিবি

দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধার করা মদের সিজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) ৪২ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবির অধীন ধর্মজান, রামচন্দ্রপুর ও চাপসার বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। শনাক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”
 

জনপ্রিয়