রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ৩১ অক্টোবর ২০২৬

নারী ও শিশু নির্যাতন কোনোভাবেই আপসযোগ্য নয়: ডা. জাহিদ হোসেন

নারী ও শিশু নির্যাতন কোনোভাবেই আপসযোগ্য নয়: ডা. জাহিদ হোসেন
ছবিঃ সংবাদ পরিক্রমা

নারী ও শিশু নির্যাতন এবং অপমানের ঘটনা কোনোভাবেই আপস বা আলোচনার মাধ্যমে মীমাংসার বিষয় নয় বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারীদের কণ্ঠ ও বক্তব্য সমাজে জোরালোভাবে তুলে ধরা সবার দায়িত্ব। সংঘবদ্ধ শক্তি ও বিভিন্ন সমিতির মাধ্যমে এ বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। তাই প্রতিটি এলাকায় নারীদের ওপর নির্যাতন ও অপমানের ঘটনা প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে।

শিশুদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল কিংবা কর্মক্ষেত্র—যেখানেই শিশু নির্যাতনের ঘটনা ঘটুক না কেন, এর বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে। কিছু বিষয় আলোচনার মাধ্যমে মীমাংসা করা সম্ভব হলেও নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ আপসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। এসব অপরাধের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে জেলার ৯৫টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে মোট ৯৪ লক্ষ ২১ হাজার ৫০০টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

জনপ্রিয়