গফরগাঁওয়ে আবারও ট্রেনের বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গফরগাঁওয়ে চার দিনের ব্যবধানে আবারও চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ শুক্রবার ৩০ অক্টেবর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ইঞ্জিনসহ ক, গ ও ঘ—এই তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়। পরে চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামান। এরপর পেছনে চালিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নিয়ে যান।
ওসি মো. আকতার হোসেন বলেন, “চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।”
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ গফরগাঁও উপজেলার মাইজহাটি এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ওই সময়ও ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল।



























