শ্রমিকদের আন্দোলনে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বিজিবি মোতায়েন
ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা। রোববার সকাল থেকে সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।
শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।
তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও সদস্য মোতায়েন করা হবে।
শিল্প পুলিশ সুপার আরও জানান, কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।



























