উন্নয়ন হবে, ক্ষতিগ্রস্ত হবেন না ব্যবসায়ীরা: প্রতিমন্ত্রী আজাদ
পঞ্চগড়ের বোদা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, শাকসবজির বাজার পুনর্বিন্যাস এবং বাসস্ট্যান্ডের সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বোদা বাজারের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, উচ্ছেদ অভিযানে যেসব ব্যবসায়ীর দোকানপাট অপসারণ করা হয়েছে, তাঁদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক ব্যবসায়ী যেন নিজ নিজ দোকান ফিরে পাওয়ার সুযোগ পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও স্বার্থের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। উন্নয়নের নামে কোনো ব্যবসায়ী যেন অযথা ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বোদা বাজারের সার্বিক উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী সমিতি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শাকসবজির বাজার পুনর্বিন্যাস এবং বাসস্ট্যান্ডের সৌন্দর্যবর্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।



























