শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ৭ নভেম্বর ২০২৬

শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন গলাচিপার শংকর হাওলাদার

শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন গলাচিপার শংকর হাওলাদার
ছবিঃ সংগৃহীত

পেশাগত দায়িত্বে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার শংকর হাওলাদার।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

রতনদী তালতলী ইউনিয়নের এই গ্রাম পুলিশ (মহল্লাদার) গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন।

দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম পুলিশের কাজ করে আসছেন শংকর। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন তিনি।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও অবদান রয়েছে তার।

২০২৬ সালের জুলাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের (০-১ বছর) কার্যক্রমে রতনদী তালতলী ইউনিয়ন সারা দেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে এ কার্যক্রমে দেশসেরা হয় গলাচিপা উপজেলা। এ সাফল্যে বিশেষ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শংকর হাওলাদারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন তিনি।

শংকরের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবায় তার ভূমিকা অন্য গ্রাম পুলিশদের জন্য অনুকরণীয়।

সর্বশেষ

জনপ্রিয়