শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৭ নভেম্বর ২০২৬

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার
ছবিঃ সংগৃহীত

অভিনয়ের দীর্ঘ পথচলায় এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী দীপা খন্দকার। অভিনয়জীবনের ২৮ বছর পার করা এই অভিনেত্রী এবার পরিচালনায় নাম লেখানোর পরিকল্পনা করছেন। সবকিছু অনুকূলে থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তার।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের এমন পরিকল্পনার কথা জানান দীপা খন্দকার। অভিনয়ের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই পরিচালনার প্রতি আগ্রহ তৈরি হয়েছে বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে ইদানীং মনে হচ্ছে, দুই-তিনটি নাটক পরিচালনা করতে পারলে মন্দ হবে না। গভীরভাবে ভাবছি, সবকিছু মিলে গেলে নতুন বছরেই পরিচালক হিসেবে আমার অভিষেক হবে।’

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন দীপা। সম্প্রতি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। পাশাপাশি নাটক ও ওয়েবফিল্মেও নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেই নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ যুক্ত হয়েছেন দীপা। এটিও নির্মাণ করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে ধারাবাহিকটিতে শুরুতে অন্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। সেই চরিত্রে এখন অভিনয় করছেন রোজী সিদ্দিকী।

অন্যদিকে, বর্তমানে দীপা যে চরিত্রে অভিনয় করছেন, সেটিতে আগে ছিলেন সুমাইয়া শিমু। চোখের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়াতে হয় তাকে। পরে নির্মাতার অনুরোধে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করেন দীপা খন্দকার।

সব মিলিয়ে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তবে পর্দার সামনে অভিনয়ের পাশাপাশি এবার পর্দার পেছনে পরিচালকের আসনে বসার স্বপ্নও দেখছেন তিনি। সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিলে নতুন বছরে দীপার ক্যারিয়ারে যুক্ত হবে এক নতুন অধ্যায়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়