জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে, তিনি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে বা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রক্ষমতায় আসেননি। তিনি দেশের ও মানুষের কল্যাণে সবসময়ই কাজ করেছেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের জন্যই এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করতে পেরেছিল।
এ সময় ভূমিমন্ত্রী আরও বলেন, দেশকে হানাদারমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি অতীতে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ছিল সর্বোচ্চ পর্যায়ের।
মো. মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত ও রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



























