শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাব পর্যটন খাতে, কমেছে দর্শনার্থী
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। নিরাপত্তাহীনতা ও সড়কে যান চলাচলে বিঘ্নের কারণে কমেছে পর্যটক-দর্শনার্থীর সংখ্যা। বাতিল হয়েছে রিসোর্টের আগাম বুকিং ও করপোরেট আয়োজন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন রিসোর্ট ও বিনোদনকেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, শ্রমিক অসন্তোষের কারণে ভরা মৌসুমেও পার্কে দর্শনার্থীর সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছিল। একপর্যায়ে তা প্রায় শূন্যের কোঠায় চলে যায়। গত দুই দিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দর্শনার্থীর সংখ্যা এখনো কম।
তিনি জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, মানিকগঞ্জ, সাভার ও সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা পার্কে আসেন। তাদের অনেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করেন। শ্রমিক অসন্তোষের কারণে সড়কে চলাচলে বিঘ্ন ঘটায় দর্শনার্থীর সংখ্যা কমেছে। অনেকে পার্কে আসার আগে ফোন করে পরিস্থিতি ও পার্কের কার্যক্রম চালু আছে কি না, তা জেনে নিচ্ছেন।
শ্রীপুরের মাওনা ইউনিয়নে অবস্থিত ড্রিম স্কয়ার রিসোর্টের জনসংযোগ কর্মকর্তা নুর আলম সিদ্দিকী বাবু বলেন, শ্রমিক অসন্তোষের কারণে রিসোর্টের ব্যবসায় বড় ধস নেমেছে। সড়কে নিরাপত্তাহীনতার কারণে ৯৮ শতাংশ আয়োজন বাতিল বা স্থগিত হয়েছে। এইচএসবিসি ও ইউনিসেফের মতো প্রতিষ্ঠানের অনুষ্ঠানও স্থগিত হয়েছে। সব মিলিয়ে প্রায় কোটি টাকার আয়োজন বাতিল হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটেও দর্শনার্থীর সংখ্যা কমেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে দূরদূরান্তের দর্শনার্থীরা আসতে পারেননি। আগাম বুকিং দেওয়া অনেকেই যোগাযোগ করে তা স্থগিত করেছেন। স্থানীয় কিছু দর্শনার্থী এলেও তাদের সংখ্যা অনেক কম।
ভাওয়াল জাতীয় উদ্যানেও গত এক সপ্তাহে দর্শনার্থীর উপস্থিতি কমেছে। উদ্যানের রেঞ্জার আরিফুল ইসলাম বলেন, সাধারণত শুক্র ও শনিবার দর্শনার্থীদের চাপ বেশি থাকে। কিন্তু এবার সড়কে যান চলাচলে বিঘ্ন, নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কারণে অনেকেই আসেননি। শিল্পাঞ্চলের অস্থিরতায় গাজীপুরের পর্যটন খাতে বড় ধরনের প্রভাব পড়েছে।



























