শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ১৩ নভেম্বর ২০২৬

যশোরে বিএনপি নেতার বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

যশোরে বিএনপি নেতার বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের বাড়ির পাশে দুটি বোমাসদৃশ বস্তু ও হুমকিসংবলিত চিরকুট ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে লাল টেপে মোড়ানো বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে পুলিশ।

শিমুল হোসেন জানান, সকালে তার স্ত্রী হাঁটতে বের হলে বাড়ির পাশে লাল টেপে মোড়ানো বস্তু দুটি দেখতে পান। তবে সেগুলো কী, তা বুঝতে পারেননি তিনি। পরে সকাল সোয়া ৭টার দিকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার সময় বস্তু দুটি ও পাশে পড়ে থাকা চিরকুটটি তার নজরে আসে। এরপর তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।

তিনি জানান, কম্পিউটারে কম্পোজ করা চিরকুটে তাকে উদ্দেশ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে লেখা রয়েছে, ‘ভালো হয়ে যা শুয়ো... বাচ্চা, তুই এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি। তোকে শেষবারের মতো বললাম তুই কি বা... বা... হয়েছিস। আর কেউ পারে না কাজ করতে, এটা বুঝাস নাকি। আবার বললাম থেমে যাওয়া ভালো, শুয়ো... বাচ্চা।’

কারা এবং কী কারণে এ হুমকি দিয়েছে, তা জানেন না বলে জানান শিমুল হোসেন। তিনি বলেন, তিনি সরেমনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করেন। এসব কর্মকাণ্ডের কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।

শিমুল হোসেন আরও জানান, রাতে সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট দেখতে পান।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর মামুনুর রশিদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ দল বস্তু দুটি নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে পুলিশের বিভিন্ন দল অনুসন্ধান করছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

জনপ্রিয়