শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি ও সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি ও সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাটিতে পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেশের মানুষ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব, তারা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি।

বোমা হামলার ঘটনায় জড়িতদের অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।

আসাদুজ্জামান বলেন, গত প্রায় নয় মাসে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথ অনুসরণ করেনি। পুলিশের বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের প্রচলিত সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। এ যাত্রায় সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সরকার সক্রিয় রয়েছে।

জনপ্রিয়