বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। একই সঙ্গে বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।
দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
আলোচনা সভায় ডায়াবেটিস আক্রান্ত রোগী ও উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি.সি. রায়। এ সময় মঞ্চে তাঁর বাবা-মা, স্ত্রী, ভাইসহ ডায়াবেটিস আক্রান্ত দুই রোগী মো. রহিদুল ইসলাম ও উম্মে কুলসুম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুন উর রশিদ।



























