দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
‘ডায়াবেটিসে নিন দ্রুত পদক্ষেপ, থাকবে না আর কোনো আক্ষেপ’ প্রতিপাদ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারের উদ্যোগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির, কলেজের অধ্যক্ষ শেখ সাদেক আলী, উপপরিচালক, সহকারী পরিচালক, এনসিডি কর্নারের চিকিৎসক ডা. মো. আল জামিউল ইমরানসহ বহির্বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সময়মতো রোগ শনাক্তকরণ ও নিয়মিত চিকিৎসা জরুরি। রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে।
কলেজের অধ্যক্ষ শেখ সাদেক আলী বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন গুরুত্বপূর্ণ।
এনসিডি কর্নারের চিকিৎসক ডা. মো. আল জামিউল ইমরান বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত চিকিৎসা গ্রহণের পাশাপাশি জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। এ লক্ষ্যে হাসপাতালের বহির্বিভাগে এনসিডি কর্নারের মাধ্যমে রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি জানান, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগের ৩ নম্বর কক্ষে এনসিডি কর্নারের মাধ্যমে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক ও অধ্যক্ষের সহযোগিতায় চালু হওয়া এ সেবাকেন্দ্র থেকে রোগীরা স্বল্পমূল্যে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, ডা. মো. আল জামিউল ইমরান ২৭তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি এমবিবিএস, সিসিডি (বারডেম, ঢাকা), পিজিটি (হৃদরোগ) ও পিজিটি (মেডিসিন) প্রশিক্ষণপ্রাপ্ত। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ সেন্টারে এবং ২০১১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সাল পর্যন্ত দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন।



























