রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৯, ১৪ নভেম্বর ২০২৬

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর-জমি দখলের মামলা

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর-জমি দখলের মামলা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন ভুক্তভোগী ইদ্রিস আলী। 

বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কেনেন ইদ্রিস আলী। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়িঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন তিনি। তবে ওই জমি দখলের চেষ্টা করে আব্দুল হালিম টম বিভিন্ন সময় লোকজন নিয়ে তাঁকে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন ইদ্রিস।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে ইদ্রিস আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। পরে টমের নির্দেশে অন্যরা বাড়িঘর ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে (৫৫) মারধর করা হয়। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁরা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।

এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ইদ্রিস আলী। এ সময় অভিযুক্তরা ওই জমির আশপাশে তাঁদের দেখলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ইদ্রিস আলীর দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে বিচারের দাবি জানালে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, তাঁর কেনা জমিটি আব্দুল হালিম টম তাঁর মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন।

এজাহারে আরও বলা হয়, জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আব্দুল হালিম টমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হতে পারে বলেও লোকমারফত জানতে পেরেছেন বলে দাবি করেন ইদ্রিস।

বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন তিনি। ইদ্রিসের দাবি, প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে ঘটনার পরপরই থানা বা আদালতে যাওয়ার সাহস পাননি। পরে নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করেন।

ইদ্রিস আলী বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, জমি দখল, ভাঙচুর ও মারধরের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন। এসআই মহাসিন তদন্ত করেছেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়