ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শিক্ষক গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম (৫১) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি।
রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত রজব আলী মুন্সির ছেলে। পাশাপাশি তিনি কাশিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।



























