বগুড়ায় গুণী সাংবাদিকদের সম্মাননা ও অর্থসহায়তা প্রদান
বগুড়ার প্রয়াত ও জ্যেষ্ঠ ১৩ সাংবাদিককে সম্মাননা জানাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া সাড়ে ছয় লাখ টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননার অর্থ বিতরণ করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। ১৩ জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।
এর আগে গত ১২ নভেম্বর বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে গুণী সাংবাদিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ নিজের তহবিল থেকে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মরণোত্তর সম্মাননা ও অর্থসহায়তা পাওয়া আট প্রয়াত সাংবাদিক হলেন—খন্দকার আব্দুর রহীম হীরু, যাহেদুর রহমান যাদু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু, ইকবাল মোর্শেদ রিপন ও আমান উল্লাহ খান।
এ ছাড়া আজীবন সম্মাননা ও অর্থসহায়তা পেয়েছেন পাঁচ জ্যেষ্ঠ সাংবাদিক—ওয়াইসুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী ও চপল কান্তি সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা সাংবাদিকদের মূল্যায়নের উদ্যোগ নেওয়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ধন্যবাদ জানান।
বর্তমান সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, সত্তর ও আশির দশকে বগুড়ার সাংবাদিকেরা অনেক কষ্ট করে নীতি-আদর্শ মেনে সাংবাদিকতা করেছেন। তখন সাংবাদিকদের কেনা যেত না। কিন্তু বর্তমানে সাংবাদিকতায় দলীয় প্রভাব ও অপসাংবাদিকতা ঢুকে পড়েছে। যাচাই-বাছাই ছাড়া নেতিবাচক বা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করলে দেশ ও সমাজের বড় ক্ষতি হয়।
নিজের ভুলত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে ঘটনা ঘটেনি, তা যেন সংবাদে প্রকাশ করা না হয়।
এ সময় তিনি বগুড়া বিমানবন্দর, শিল্প পার্ক ও বিশ্ববিদ্যালয়ের চলমান কাজের পাশাপাশি বগুড়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের বিষয়েও কথা বলেন। বাংলাদেশের একমাত্র অবিভক্ত প্রেসক্লাব হিসেবে বগুড়া প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান তিনি।



























