প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবি শিবিরের সাইকেল র্যালি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়। পরে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “হাসিনাকে যেভাবে মিডিয়া সন্ত্রাস ফ্যাসিবাদে রূপ দিয়েছে, আরও কোনো নতুন দলকে যেন মিডিয়া ফ্যাসিবাদে রূপ না দেয়— মিডিয়ার প্রতি সে আহ্বান করছি। ক্যাম্পাস মিডিয়াগুলো এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু জাতীয় মিডিয়াগুলো অলরেডি দালালি শুরু করে দিয়েছে। কোনো এক ভয়ে অনেক সত্য সংবাদ তারা প্রকাশ করছে না।”
তিনি আরও বলেন, ছাত্রশিবির দুর্নীতি, হত্যা ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে চায় এবং সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করছে। ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে আগামীর নির্বাচনে জনগণের অধিকার ও কর্মসংস্থানের পক্ষে কাজ করবে এমন নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা শুরু করে। সেই হিসাবে সংগঠনটি ৫০তম বছরে পা দিয়েছে।



























