ইবি কালচারাল সোসাইটির উদ্যোগে হাদি’র স্মরণে কুইজ প্রতিযোগিতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির আয়োজনে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৩ মার্চ) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ প্রতিযোগিতার আয়োজন করেন তারা।
এতে সিরাত, বাংলাদেশের জাতীয় বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন করা হয়। পরীক্ষা পরবর্তী প্রথম চারজন বিজয়ী প্রতিযোগীকে পুরুষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য তাজমিন রহমান ও নওশিন শর্মিলীসহ অন্যান্য শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম চারজনকে বিজয়ী ঘোষণা ও পুরস্কৃত করা হয়। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে আবু হুরাইরা, আল মামুন, মেহেদী হাসান ও আব্দুল্লাহ পারভেজ।
ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির আহ্বায়ক মো. শান্ত শিশির বলেন, তারা সংস্কৃতিচর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন। তার মতে, মানুষ পেশাজীবনে নানা ধরনের কাজ করে জীবন কাটাতে পারে; তবে সমাজের গতিপথ, মানুষের মূল্যবোধ ও বিশ্বাসের ধরণ মূলত সংস্কৃতির ওপরই নির্ভরশীল।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ ওসমান হাদীর স্মৃতিকে ধারণ করেই এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট বিষয়গুলো শিক্ষার্থীদের চেতনায় স্থায়ীভাবে জায়গা করে নেয় এবং তারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশগঠনে ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, জ্ঞানচর্চার ক্ষেত্র সবসময় সক্রিয় রাখতে হবে। জ্ঞান অর্জন ছাড়া সমসাময়িক বিশ্বের চাহিদা পূরণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জ্ঞানসমৃদ্ধ না হলে এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে না পারলে তা দেশের জন্য ব্যর্থতা ডেকে আনবে। দেশকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে হলে নিজেদের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।



























