কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ইফতার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ মার্চ রোজ শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হবে। ইফতারটি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষার্থীদের আগামী ৪ মার্চ বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট হল অফিস থেকে স্ব-স্ব হল আইডি কার্ড (আবাসিক ও অনাবাসিক) প্রদর্শন পূর্বক ইফতারের টোকেন সংগ্রহ করতে হবে।
ইফতার অনুষ্ঠানটি আগামী ৬ মার্চ (শুক্রবার) বিকাল ৫:২০ মিনিটে শুরু হবে। ছাত্রদের জন্য যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠ এবং ছাত্রীদের জন্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এটি আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে টোকেন সংগ্রহ করে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।



























