সোমবার ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

খুকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ২১ জুন ২০২৬

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল ফ্যামিলির বর্ণাঢ্য ফল উৎসব সম্পন্ন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল ফ্যামিলির বর্ণাঢ্য ফল উৎসব সম্পন্ন
ছবি: প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজশাহী ডিভিশনাল ফ্যামিলি’র বর্ণাঢ্য ফল উৎসব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এবারের উৎসবে বাহারি ফলের সমাহার আর চমৎকার সাজসজ্জার মাধ্যমে সবার নজর কেড়ে শ্রেষ্ঠ স্টলের পুরষ্কার লুফে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচ।

উৎসবে দেশীয় বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলের পসরা সাজানো হয়। আম, কাঁঠাল, লিচু, ড্রাগন ফল, আনারস, কলা ও জামসহ নানা পদের পুষ্টিকর ফল এবং ফলের জুস দিয়ে স্টলগুলো সাজিয়ে তোলেন শিক্ষার্থীরা। উৎসবের মূল আকর্ষণ ছিল বিভিন্ন ব্যাচের মধ্যকার স্টল প্রতিযোগিতা। যেখানে ফল পরিবেশনের নান্দনিকতা, বৈচিত্র্য এবং উপস্থাপনার ওপর ভিত্তি করে ৭ম ব্যাচকে প্রথম স্থান বা শ্রেষ্ঠ স্টল হিসেবে ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, ক্যাম্পাসের ব্যস্ত পড়াশোনার মাঝে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ বজায় রাখতে এবং দেশীয় ফলের পরিচিতি তুলে ধরতেই প্রতিবছর এই ধরনের আয়োজন করা হয়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়