স্কোপাসে উজ্জ্বল যবিপ্রবির ইংরেজি বিভাগ
আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা ডেটাবেস স্কোপাসে চলতি বছর গবেষণা প্রকাশনার সংখ্যায় দেশের ইংরেজি, ইংরেজি ভাষা ও সাহিত্য এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগ।
২০২৬ সালে এখন পর্যন্ত বিভাগটির ৯টি গবেষণা প্রকাশনা স্কোপাসে অন্তর্ভুক্ত হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ইংরেজি বিভাগগুলোর মধ্যে গবেষণা প্রকাশনায় প্রথম অবস্থানে রয়েছে যবিপ্রবি।
স্কোপাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ২৩টি গবেষণা প্রকাশনা নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। ১৪টি গবেষণা প্রকাশনা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি বিভাগ। আর ৯টি গবেষণা প্রকাশনা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যবিপ্রবির ইংরেজি বিভাগ।
তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে আটটি করে গবেষণা প্রকাশনা রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) সাতটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সাউথইস্ট ইউনিভার্সিটিতে ছয়টি করে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পাঁচটি গবেষণা প্রকাশিত হয়েছে।
যবিপ্রবির ইংরেজি বিভাগের গবেষণায় সাহিত্য, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস, ভাষানীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল শিক্ষাপদ্ধতি, অভিবাসন, জেন্ডার ও পরিবেশসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে। বিভাগের প্রকাশিত গবেষণা নিবন্ধের তালিকায় ২০২৬ সালের একাধিক গবেষণাকে স্কোপাসভুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
গবেষকদের মতে, বিশ্ববিদ্যালয়গুলোর শুধু প্রকাশনার সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে গবেষণার উদ্ধৃতির প্রভাব , পিয়ার-রিভিউয়ের মান এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে মানবিক ও সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণায় প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও সহায়তা বাড়ানো জরুরি।
এ বিষয়ে বিভাগটির চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন বলেন, দেশের ইংরেজি বিভাগগুলোর মধ্যে গবেষণা প্রকাশনায় যবিপ্রবি ইংরেজি বিভাগের এই অবস্থান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষক-গবেষকদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমরা এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও মানসম্মত ও আন্তর্জাতিকমানের গবেষণা পরিচালনা করতে চাই। আমাদের লক্ষ্য গবেষণার পরিধি বাড়ানো এবং আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে বিভাগের অবস্থান আরও শক্তিশালী করা। এ জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক গবেষণা সহায়তা আরও জোরদার করা প্রয়োজন।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মরিয়ম জামিলা বলেন, “এ সাফল্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নিরলস পরিশ্রম, গবেষণার প্রতি গভীর নিষ্ঠা এবং অ্যাকাডেমিক উৎকর্ষের উজ্জ্বল প্রতিফলন ও স্বীকৃতি। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এ অর্জন গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আরও উচ্চতর লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, একইসঙ্গে আমি আশাবাদী যে, ইংরেজি বিভাগ ভবিষ্যতেও গবেষণা, প্রকাশনা ও শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উৎকর্ষ ও সাফল্যের স্বাক্ষর রাখবে। এই অর্জনের ধারা অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য, স্কোপাস হলো এলসেভিয়ার পরিচালিত একটি আন্তর্জাতিক এবস্ট্রাক ও সাইটেসন ডেটাবেস। এতে বিভিন্ন গবেষণা সাময়িকী, সম্মেলনভিত্তিক প্রকাশনা এবং অন্যান্য শিক্ষাবিষয়ক প্রকাশনার তথ্য অন্তর্ভুক্ত করা হয়। গবেষণার উদ্ধৃতি, লেখক পরিচিতি এবং প্রাতিষ্ঠানিক গবেষণা কার্যক্রম বিশ্লেষণেও স্কোপাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে



























