বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১২ নভেম্বর ২০২৬

টেলিভিশন দেখার সময় ঘরে ঢুকে পড়লো চিতাবাঘ

টেলিভিশন দেখার সময় ঘরে ঢুকে পড়লো চিতাবাঘ
ছবিঃ সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের একটি বাড়িতে টেলিভিশন দেখার সময় ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দা এক দম্পতি। পরে বন বিভাগের প্রায় ছয় ঘণ্টার অভিযানে চিতাবাঘটিকে অচেতন করে আটক করা হয়।

এনডিটিভির বৃহস্পতিবারের (১২ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজ্যের তুমাকুরু জেলার কুনিগাল তালুকের হুলিউরদুর্গের কাছে বান্দিগৌদানাপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিতাবাঘটি প্রায় এক মাস ধরে ওই গ্রাম ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিল। মঙ্গলবার রাতে প্রথমে একটি বাড়ির বাইরে বেঁধে রাখা ছাগলের বাচ্চাকে আক্রমণ করে সেটি তুলে নিয়ে যায়। পরে খাবারের সন্ধানে চিতাবাঘটি চিক্কামারিয়াপ্পা ও তার স্ত্রী নারাসাম্মার বাড়িতে ঢুকে পড়ে।

ওই সময় দম্পতি ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ চিতাবাঘটি ঘরে ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে নারাসাম্মা দ্রুত বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দেন। এতে অল্পের জন্য বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা পান তিনি। অন্যদিকে চিতাবাঘটি ঘরের ভেতরে একটি খাটের নিচে আশ্রয় নেয়।

ঘটনার পর গ্রামবাসীরা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে ধরতে অভিযান শুরু করেন। তবে ঘরের ভেতরে লুকিয়ে থাকায় প্রাণীটিকে নিরাপদে আটক করা বেশ কঠিন হয়ে পড়ে।

উদ্ধার অভিযানে বানারঘাট্টা থেকে আসা অ্যানেসথেসিওলজিস্ট কিরণসহ বিশেষজ্ঞদের একটি দল অংশ নেয়। তাদের সহায়তায় প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর চিতাবাঘটিকে অচেতন করে আটক করতে সক্ষম হন বন বিভাগের কর্মীরা।

সূত্রঃ এনডিটিভি

জনপ্রিয়