বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ১২ নভেম্বর ২০২৬

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সানজিদা প্রীতি। একসময় সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা পাওয়া এই অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ধরে অভিনয়ে নিয়মিত ছিলেন না তিনি।

প্রায় দুই বছর পর তানভীর তন্ময়ের পরিচালনায় ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন প্রীতি। এনএএফ ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। সপ্তাহে দুটি করে পর্ব প্রকাশ করা হচ্ছে। অষ্টম পর্ব থেকে জেরিন খান চরিত্রে দেখা যাবে তাকে।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সুজাতা, আলী রাজ, শতাব্দী ওয়াদুদ ও ফারিন খানসহ অনেকে।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে সানজিদা প্রীতি গণমাধ্যমকে বলেন, ‘প্রায় দুই বছর পর কোনো ধারাবাহিক নাটকে যুক্ত হলাম। ডিরেক্টরসহ পুরো টিমের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। চরিত্রটাও আমার আগের করা চরিত্রের থেকে একটু আলাদা। সব মিলিয়ে ভীষণ উপভোগ করছি কাজটি।’

নির্মাতা তানভীর জানান, ধারাবাহিকটিতে জেরিন খান একটি শক্তিশালী চরিত্র। গল্পে নিলয় আলমগীরের চরিত্রের বিরুদ্ধে তার লড়াই রয়েছে। পাশাপাশি শতাব্দী ওয়াদুদের মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে অভিনয়ে মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনা করেই চরিত্রটির জন্য সানজিদা প্রীতিকে নির্বাচন করেছেন তিনি।

করপোরেট জগতের নানা দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো হয়েছে ‘প্রথম প্রেমের গল্প’-এর কাহিনি। তবে প্রচার শুরুর পর থেকেই ধারাবাহিকটি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। দর্শকদের একাংশের অভিযোগ, পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প অনুসরণ করে নির্মিত হয়েছে এটি।

এ বিষয়ে নির্মাতা জানিয়েছেন, বিদেশি একটি সিরিয়ালের গল্প থেকে নির্মাণের কাজ শুরু হলেও সামনের পর্বগুলোতে কাহিনিতে ভিন্নতা আসবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়