ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপে আসছেন প্রতিমন্ত্রী সালাহউদ্দিন টুকুসহ বিশিষ্টজনেরা
মাদকমুক্ত ঢাকা গড়ে তোলা এবং মাদক নিয়ন্ত্রণে টেকসই নগর ব্যবস্থাপনার করণীয় নির্ধারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে নীতিনির্ধারণী সংলাপ। এতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেবেন।
আগামী ৩ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) এ সংলাপ অনুষ্ঠিত হবে। ‘মাদকমুক্ত ঢাকা গড়তে টেকসই নগর ব্যবস্থাপনা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, এমপি। এ ছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. জাহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে থাকবেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল এবং ইউনাইটেড মেডিকেল কলেজ, গুলশানের সাইকিয়াট্রি অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ড. এম এস কবির জুয়েল।
সংলাপের মূল প্রতিপাদ্য ‘Policy Dialogue on Sustainable Urban Management for a Drug-free Dhaka’। এতে মাদকমুক্ত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে টেকসই নগর ব্যবস্থাপনা এবং এ ক্ষেত্রে নীতিনির্ধারণী পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা হবে।
এ আয়োজনে সাপোর্ট পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়।



























