সেন্টমার্টিনের কাছে সিমেন্ট পাচারের সময় ১২ জন আটক
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২ নভেম্বর) রাত ৩টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে।
তিনি জানান, বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট পাওয়া যায়। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১২ জনকে আটক করা হয়। জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



























