হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেল গ্রেফতার
২০২৪ সালের জুলাই আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। বিএম মোজাম্মেল হক শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আদালতে এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
গত ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বিএম মোজাম্মেল হককে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফিট সড়কে আন্দোলনে অংশ নেন বাদী মো. শামীম মিয়া। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে।
পরে চিকিৎসা শেষে তিনি এ ঘটনায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এজাহারভুক্ত আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে এবার ওই মামলায় গ্রেফতার দেখানো হলো।



























