নিরাপত্তা জোরদারে ইবি প্রক্টরিয়াল বডির নতুন নির্দেশনা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা জারি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ, ছাত্র-উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আগামী সাত দিনের মধ্যে প্রক্টর অফিসে জমা দিতে হবে। এছাড়া ছাত্রসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ ও অনুরোধ ব্যতীত সংগঠনগুলোর নাম ভাঙিয়ে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠনের নেতাদের নিজ নিজ সংগঠনের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অনুমতি সাপেক্ষে ছাত্রসংগঠনগুলো নিজ নিজ কর্মসূচি আয়োজন করতে পারবে। কর্মসূচির প্রচার-প্রচারণার জন্য অনুমতি নিয়ে সর্বোচ্চ ১০ দিন আগে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো যাবে। কর্মসূচি শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে সেগুলো নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। তবে প্রধান ফটকের ক্ষেত্রে কর্মসূচির আগে তিন দিন এবং পরে দুই দিন পর্যন্ত প্রচারসামগ্রী রাখা যাবে। কর্মসূচিতে অনুমতি সাপেক্ষে মাইক ব্যবহার করা যাবে। এছাড়া আসন্ন প্রধানমন্ত্রীর আগমন ও সমাবর্তন আয়োজন সফল করতে ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রশাসনকে সহযোগিতা করার বিষয়ে ছাত্রসংগঠনগুলোর নেতারা একমত পোষণ করেন।
সভায় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন আল রশীদ, সহকারী প্রক্টরবৃন্দ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























