বেরোবি ছাত্রশিবির সভাপতি
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না
আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার সভাপতি রাকিব মুরাদ। তিনি বলেছেন, জাতীয় ঐক্যের কথা বলে একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, অন্যদিকে ঐক্যের আহ্বান—এ ধরনের দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয়।
শনিবার (২৮ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।
সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে রাকিব মুরাদ বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ গুম, খুন ও হত্যার রাজনীতি করেছে। জুলাই-আগস্টে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশে আর ফ্যাসিবাদী রাজনীতি ও নৈরাজ্য ফিরে আসতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং তাঁদের সঙ্গে বৈঠকের খবর পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। প্রয়োজনে জুলাইয়ের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। কোনো আধিপত্যবাদী শক্তি যেন বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সৌরভ বলেন, ভারত বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের নোংরা রাজনৈতিক খেলা খেলতে চাইলে তা এ দেশের জনগণ মেনে নেবে না। জুলাইয়ে যেভাবে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ভবিষ্যতেও দেশের যেকোনো নৈরাজ্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। পাশাপাশি সরকারের প্রতি জাতীয় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



























