১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। দ্বিতীয় দিন বুধবার (৪ মার্চ) অনলাইনে বিক্রি হচ্ছে আগামী ১৪ মার্চের ট্রেনের আসনের টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৩ মার্চ। এছাড়া ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা হবে না।



























