মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ১০ মার্চ ২০২৬

আমি ৭ নম্বরে ব্যাটি করলে দলের জন্য ভালো হবে: মিরাজ

আমি ৭ নম্বরে ব্যাটি করলে দলের জন্য ভালো হবে: মিরাজ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে নিজের ব্যাটিং পজিশন ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজন অনুযায়ী ক্যারিয়ারে বিভিন্ন ব্যাটিং পজিশনে খেললেও এবার তিনি জানিয়েছেন, সাত নম্বরে ব্যাট করলে দলের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারবেন বলে মনে করেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক অফ ফর্ম নিয়েও খুব একটা চিন্তিত নন এই অলরাউন্ডার।

মিরাজ বলেন, ‘আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি, আমার কাছে মনে হয় এতে দলের অনেক উপকার হবে। কারণ আমি টপ অর্ডারেও অনেক সময় ব্যাটিং করেছি। অনেক সময় ভালো স্কোরও পেয়েছি, কিন্তু অনেক ম্যাচে দল জিততে পারেনি।’

নিজের সাম্প্রতিক ফর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চিন্তিত নই। বিশ্বকাপের পর প্রায় ১৫টির মতো ওয়ানডে খেলেছি, তবে অনেক ব্যবধান রেখে ম্যাচগুলো হয়েছে। সবার প্রত্যাশা থাকে আমি ম্যাচ জেতাব, হয়তো সেটা সবসময় হচ্ছে না। তবে গড়পড়তা পারফরম্যান্স করছি। অবশ্যই চেষ্টা করব দলকে ম্যাচ জেতানোর জন্য।’

দলের স্বার্থই নিজের কাছে সবসময় অগ্রাধিকার পায় বলেও জানান মিরাজ। তিনি বলেন, ‘আমি নিজেকে নিয়ে কখনোই খুব বেশি চিন্তা করিনি। সবসময় ভাবি দলের জন্য কীভাবে ভালো করা যায়, কীভাবে দলকে জেতানো যায়। দলের ফলাফলই প্রথম অগ্রাধিকার। আমার পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ। ব্যাটিং ও বোলিং—দুটোই আমার জন্য গুরুত্বপূর্ণ। যে পজিশনে ব্যাটিং করি এবং বোলিং করি, সেটি দলের জন্য সহায়ক হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করব পারফর্ম করে দলকে ভালো জায়গায় নিতে।’

এদিকে মিরাজের সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। তিনি মনে করেন, অধিনায়কত্বের চাপ মিরাজের পারফরম্যান্সে বড় কোনো প্রভাব ফেলেনি।

সিমন্স বলেন, ‘আমি মনে করি না অধিনায়কত্ব তাকে চাপে ফেলছে। এটার উত্তর আসলে সে-ই ভালো দিতে পারবে। ইদানীং হয়তো সে খুব ভালো করতে পারছে না। তবে আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। সে অনেক পরিশ্রম করছে। আশা করি খুব শিগগিরই সে অধিনায়কত্বের আগের ফর্মে ফিরে আসবে।’

সর্বশেষ